অনলাইন রিপোর্টার
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বেঙ্গল পিস ফাউন্ডেশন’। বাংলাদেশের বিপন্ন ও অদেখা জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে একটি বিশেষ সচেতনতামূলক পদযাত্রা (Walk for Biodiversity) এবং "বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য" শিরোনামে এক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২২ মে ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন ঐতিহ্যবাহী সঞ্জীব চৌধুরী চত্বরে বেঙ্গল পিস ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়। অত্যন্ত সময়োপযোগী ও পরিবেশবান্ধব এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)।
কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ৭টায় রাজধানীর রমনা পার্ক থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। বেঙ্গল পিস ফাউন্ডেশনের সদস্যরা ব্যানার ও ফেস্টুন হাতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মিরপুরের জাতীয় বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত গিয়ে এই সচেতনতামূলক পদযাত্রাটি শেষ করেন। এরপর বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেশের চারজন প্রখ্যাত বন্যপ্রাণী আলোকচিত্রীর (ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার) ক্যামেরায় বন্দি হওয়া ১০০টি দুর্লভ ও নান্দনিক ছবি নিয়ে উন্মুক্ত চিত্রপ্রদর্শনীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রদর্শনীতে তুলে ধরা ছবিগুলো দেখতে টিএসসিতে ঢাবির সাধারণ শিক্ষার্থীসহ শত শত দর্শনার্থী ও পরিবেশপ্রেমীদের ভিড় জমে।
উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ওপর আলোকপাত করে তিনি বলেন, “বর্তমানে আমরা যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছি, এর মূল কারণ হলো পৃথিবীজুড়ে জীববৈচিত্রের ভয়াবহ সংকট। যত্রতত্র নির্বিচারে গাছ নিধন, বনাঞ্চল ধ্বংস এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী গুরুত্বপূর্ণ পশুপাখি শিকার আমাদের এক ভয়ঙ্কর ও বসবাসের অযোগ্য পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে। প্রকৃতির এই চরম সংকটের দিনে বেঙ্গল পিস ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তাদের আজকের এই ব্যতিক্রমী আয়োজন জীববৈচিত্র রক্ষায় সাধারণ মানুষকে দারুণভাবে উৎসাহিত ও সচেতন করবে।”
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি সংগঠনের মূল লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির সুন্দর সৃষ্টি ও পরিবেশ রক্ষায় পৃথিবীর সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। বর্তমান সমাজে কিছু প্রকৃতির প্রতি সংবেদনহীন ও অসহিষ্ণু মানুষের লোভের কারণে গোটা দেশের অমূল্য জীববৈচিত্র আজ চরম হুমকির মুখে পড়েছে। সেই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের সুপ্ত দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই আমরা এই সংগঠন ও পদযাত্রার আয়োজন করেছি।”
দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধি, বন্যপ্রাণী আলোকচিত্রী, পরিবেশকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন নাগরিকেরা উপস্থিত থেকে নতুন এই সামাজিক সংগঠনের যাত্রাকে স্বাগত জানান ও সংহতি প্রকাশ করেন।
আকাশজমিন / আরআর