ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ২২ লাখে ‘কালা মানিক’, সঙ্গে ফ্রি খাসি


  • আপলোড সময় : সোমবার ২৫ মে, ২০২৬ সময় : ৩:১৩ পিএম

ঢাকায় কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পটুয়াখালীর বিশালদেহী এক কালো রঙের গরু, যার নাম রাখা হয়েছে ‘কালা মানিক’। গরুটির সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে একটি খাসি, যা ক্রেতাকে ফ্রি দেওয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ।

রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে গতকাল দুপুরে গরুটি আনা হয়। চকচকে কালো রঙের বিশাল আকৃতির এই গরুটি দেখতে হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। পাশেই বাঁধা খাসিটি আরও কৌতূহল সৃষ্টি করেছে।

গরুটির মালিক সোহাগ মৃধা জানান, তারা পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গরুটি নিয়ে ঢাকায় এসেছেন। গরুটির নাম রাখা হয়েছে ‘কালা মানিক’। প্রায় সাত বছর ধরে যত্ন করে লালন-পালন করা হয়েছে। গরুটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ৪৫ মণ বা ১ হাজার ৮০০ কেজি।

গরুর সঙ্গে থাকা খাসিটি আলাদাভাবে বিক্রি করা হবে না বলে জানান সোহাগ মৃধার চাচা মজিবর জমাদ্দার। তিনি বলেন, “যিনি কালা মানিক কিনবেন, তাকে উপহার হিসেবে খাসিটি দেওয়া হবে।” খাসিটির ওজন প্রায় ৫০ কেজি।

দুপুর পর্যন্ত গরুটির নির্দিষ্ট দাম জানানো হয়নি। তবে বিকেল পর্যন্ত হাটে দাম ওঠে ১৯ লাখ টাকা পর্যন্ত। পরে সোহাগ মৃধা জানান, গরুটির চাহিদা মূল্য ২২ লাখ টাকা এবং ২০ লাখ টাকা পেলেই বিক্রি করার ইচ্ছা রয়েছে।

এদিকে রাজধানীতে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে মোট ২১টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন থাকলেও এবার কার্যক্রম শুরু হয়েছে ২০টি হাটে। দুই সিটি করপোরেশন এলাকায় ১০টি করে অস্থায়ী হাট পরিচালিত হচ্ছে।

অস্থায়ী হাটের পাশাপাশি রাজধানীতে রয়েছে দুটি স্থায়ী পশুর হাট—গাবতলী এবং সারুলিয়া। এসব হাটেও জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা।

একই দিনে উত্তরা দিয়াবাড়ি হাটে নজর কাড়ে চুয়াডাঙ্গা থেকে আনা আরেক জোড়া বিশাল গরু। গরু দুটি পাশাপাশি দাঁড় করালে দেখতে প্রায় একই রকম হওয়ায় অনেক ক্রেতা এগুলোকে ‘যমজ গরু’ বলে মন্তব্য করছেন।

গরুগুলোর মালিক আক্তার ব্যাপারী জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তিনি ২৬টি গরু নিয়ে হাটে এসেছেন। এর মধ্যে দুটি বড় গরু বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করছে। প্রায় সাড়ে তিন বছর ধরে গরুগুলো লালন-পালন করা হয়েছে। কাঁচা ঘাস, বিচালি ও গমের ভুসি খাইয়ে বড় করা হয়েছে।

তিনি জানান, প্রথমে গরু দুটির দাম ২৫ লাখ টাকা চাওয়া হলেও বর্তমানে ২০ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির জন্য প্রস্তুত আছেন।

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ছে। বিশাল আকারের গরু, আকর্ষণীয় রঙ ও বিশেষ অফার হাটগুলোতে বাড়তি আকর্ষণ যোগ করছে।


এ সম্পর্কিত আরো খবর