রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, ঈদ জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মুসল্লিদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও প্রস্থানের জন্য চারটি প্রবেশ গেট এবং সাতটি প্রস্থান গেট রাখা হয়েছে। যাতে নামাজ শেষে ভিড় নিয়ন্ত্রণ সহজ হয়।
প্রশাসক বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
এছাড়া কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। দ্রুত ও কার্যকর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুত রয়েছে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর বর্জ্য ড্রেন, রাস্তা বা খোলা জায়গায় না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। এতে পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে এবং নগর পরিবেশও স্বাভাবিক রাখা যাবে।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রতিবছর ঈদের প্রধান জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে ঈদের নামাজ আদায় করেন। সেই ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহেই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া দেখা দিলে তা স্থানান্তর করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে।