বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে একটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায় অবতরণ করে এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট গন্তব্যে নামতে না পেরে চট্টগ্রামে ফিরে যায়।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ফ্লাইট অবতরণের কথা থাকলেও ঢাকার আকাশে ঝড়ো আবহাওয়ার কারণে অবতরণে জটিলতা দেখা দেয়।
বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে ঢাকার আকাশে কিছুক্ষণ চক্কর দেওয়ার পরও প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি অবতরণ করতে পারেনি। পরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি ভারতের কলকাতার উদ্দেশে চলে যায়।
একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের শেষ পর্যায়ে এসে ঢাকায় নামতে ব্যর্থ হয়। পরে সেটি পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।
ঝড়ো আবহাওয়ার প্রভাবে এ সময় আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইট অবতরণ শুরু হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা ঝুঁকি এড়িয়ে বিকল্প সিদ্ধান্ত নেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার আকাশে স্বল্প সময়ের জন্য ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় অবতরণ কার্যক্রমে সাময়িক জটিলতা দেখা দেয়। এ কারণে কিছু ফ্লাইট আকাশে চক্কর দেয় এবং কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করে।
তবে এতে ঠিক কতটি ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে বা কত সময় বিলম্ব হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হলেও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজ পরিচালনা কর্তৃপক্ষ সতর্ক সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।