ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঈদযাত্রায় সড়ক যেন ডেথ ট্র্যাপ, একদিনেই নিহত ১২


  • আপলোড সময় : বুধবার ২৭ মে, ২০২৬ সময় : ১:৪৪ এএম

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তের প্রাক্কালে ঘরমুখী মানুষের ঈদযাত্রায় দেশের বিভিন্ন প্রান্তে সড়কে মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। উৎসবের আমেজকে বিষাদে রূপ দিয়ে আজও দেশের সাতটি পৃথক জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জন মানুষের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই ভয়াবহ প্রাণহানির ঘটনাগুলো ঘটে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, এই রক্তক্ষয়ী সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে তিনজন, বরিশালে তিনজন, সাতক্ষীরায় দুইজন, খুলনায় একজন, ফরিদপুরে একজন, জামালপুরে একজন এবং চাঁদপুরে একজন প্রাণ হারিয়েছেন। এসব লোমহর্ষক দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সলঙ্গা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এই হৃদয়বিদারক তথ্য নিশ্চিত করেছেন। হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, নিহতরা সবাই পুরুষ, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে বরিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের একমাত্র শিশুকন্যা জান্নাত। স্থানীয়রা জানান, তীব্র যানজটের কারণে তারা মোটরসাইকেলটি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তখনই বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস তাদের পিষে দেয়। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান এবং গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের তীব্র সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনার কয়রায় কোরবানির পশু বহনকারী একটি নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছরের শিশুপুত্র হাবিবসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এবং কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের নুরুমিয়া বাইপাস সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিম খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

জামালপুর সদরে বালুবাহী ড্রামট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সর্বশেষ চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সড়কের অনি-রনি ব্রিকস্-এর সামনে এই দুর্ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঈদযাত্রার এই ধারাবাহিক মৃত্যুর মিছিল সারা দেশে শোকের ছায়া নামিয়ে এনেছে।


এ সম্পর্কিত আরো খবর