রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও নিহত শিশুদের মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এক মায়ের অনুরোধে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ রাখা হয়েছিল। ওই সময় রাত ২টা থেকে ৪টা পর্যন্ত কোনো বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না বলেও তদন্তে উঠে এসেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রী বলেন, প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তদন্ত কমিটি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা, ওয়ার্ডের পরিবেশ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়গুলো বিস্তারিতভাবে যাচাই করছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ মে দিবাগত রাতে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ৬ নবজাতক ভর্তি ছিলেন। অভিযোগ অনুযায়ী, রাতের কোনো এক সময় ঠান্ডা লাগার কারণে এক মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ করা হয়। পরে এসি পুনরায় চালু করার পরপরই কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট শুরু হয় এবং একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।
ঘটনার পর মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়, কারণ স্বজনরা পোস্টমর্টেম না করার অনুরোধ জানান। এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত চলছে।