পবিত্র হজ মৌসুম সফলভাবে শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু করার কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা কার্যক্রম দেশটিতে শুরু হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশের সরাসরি অনুমতি পাচ্ছেন। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, ওমরাহ পারমিট এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা অত্যন্ত সহজেই সংগ্রহ করতে পারবেন।
একীভূত এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে হোটেল বুকিংসহ ওমরাহ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি ও সব ধরনের আইনি সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে বিশ্বের মুসলমানদের জন্য আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল সেবার ব্যবহার বহুগুণ বাড়িয়েছে সৌদি আরব। মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। তবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে বৈধভাবে প্রবেশ করা যাবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।
সৌদি আরবের ভিশন (Vision) ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবা আধুনিকায়নে এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর (QR) কোড যাচাইকরণ এবং পরিবহণ ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণসহ নানা বড় ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, নতুন ওমরাহ মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সহজ, নিরাপদ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ওমরাহ পালনের পুণ্যময় সুযোগ পাবেন।