কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন ও বিরল প্রজাতির বন্যপ্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। উপজেলার পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্দ্যরখিল এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, মঙ্গলবার রাতে ভারত সীমান্তবর্তী ওই এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি চৌদ্দগ্রাম উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বুধবার (৩ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি লজ্জাবতী বানর। উদ্ধারের সময় প্রাণীটি কিছুটা অসুস্থ ছিল। বুধবার সকালে এটিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
তিনি আরও জানান, চিকিৎসা শেষে প্রাণীটি বর্তমানে সুস্থ রয়েছে এবং স্বাভাবিক আচরণ করছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন বলেন, বন্যপ্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের সচেতনতা এবং দ্রুত তথ্য প্রদানের কারণে বিরল প্রজাতির প্রাণীটিকে নিরাপদে উদ্ধার ও চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, লজ্জাবতী বানর একটি বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণী। প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চল ধ্বংসের কারণে এ ধরনের প্রাণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই এদের সংরক্ষণে জনসচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।