শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সরকার আপস করবে না। মন্ত্রী দাবি করেন, বিগত সরকারের আমলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
আদ্-দ্বীন হাসপাতালের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো লোভ আমাকে স্পর্শ করতে পারেনি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি যা করব তাতে তার পূর্ণ সমর্থন থাকবে। আমি হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছি।’ তিনি আরও যোগ করেন, জামায়াতের নেতারা আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন।
অনুষ্ঠানে মন্ত্রী স্বাস্থ্য খাতের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া একটি পরীক্ষামূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেবেন। প্রয়োজনে তবেই রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করেন তিনি।