ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসিনার সাক্ষাৎকার প্রচার অনুচিত: তথ্য উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ সময় : ৩:২৩ পিএম

আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের কিছু কিছু গণমাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য ও সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে। এ ধরনের বেআইনি প্রচার থেকে পুরোপুরি বিরত থাকতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার করা সরাসরি আদালতের নির্দেশনার পরিপন্থি এবং দেশের সব গণমাধ্যমের উচিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই ধরণের কাজ থেকে বিরত থাকা।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এই সব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর উচ্চ আদালতের আইনি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই কাজটি আর না করে। পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দ্রুত আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিষয়টি সবাইকে জানানো হবে।

তিনি আরও বলেন, আমরা এখনই গণমাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর কোনো অবস্থান বা আইনি পদক্ষেপ নিচ্ছি না। তবে আদালতের নির্দেশনা মেনে চলার বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে বিদেশি গণমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ অনেক তথ্য জানতে পারে, তবে সেটি কখনোই দেশীয় গণমাধ্যমে তা প্রচারের বৈধতা তৈরি করে না। আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দেশীয় মাধ্যমে এই প্রচার অনুচিত এবং ভবিষ্যতে প্রয়োজন হলে সরকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করতে পারে।

ব্রিফিংয়ে 'রিফর্মড' বা নতুন নামে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন দলটি 'রিফর্মড আওয়ামী লীগ', 'তৃণমূল আওয়ামী লীগ' বা অন্য যে নামেই আসুক না কেন, দেশে তাদের কোনো ধরণের রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ নেই। সরকারের অবস্থান এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট। ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের সংশোধিত বিধান কার্যকর রেখেই আওয়ামী লীগের কর্মসূচির ওপর এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অনেক অধ্যাদেশ আইন হিসেবে বহাল না থাকলেও এই বিশেষ সংশোধনীটি বহাল রাখা হয়েছে, যা মূলত সরকারের শক্ত অবস্থানকেই প্রতিফলিত করে। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, এটি স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত। আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের মত হলো, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা উচিত।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না। অতীতে চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও এখন সেই ব্যবস্থা আইনত বাতিল করা হয়েছে। ফলে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা অন্য কোনো দল এখন দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালিমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সাথে আমলে নিয়েছে। এর সঙ্গে সরকারের সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এটি খতিয়ে দেখার মূল কারণ হচ্ছে, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বা গ্লোবালি ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন আছি এবং আমি ব্যক্তিগতভাবেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং আমরা ইনশাআল্লাহ তদন্তের মাধ্যমে এটি বের করতে পারবো।


এ সম্পর্কিত আরো খবর