ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জাল নোট রাখলেও সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড, আসছে নতুন আইন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ জুলাই, ২০২৬ সময় : ৬:৪০ পিএম

দেশে জাল নোট তৈরি ও ছড়িয়ে দেওয়ার অপরাধ দমনে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন আইনে জাল নোট তৈরি, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত কিংবা জেনেশুনে নিজের কাছে রাখার মতো অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর জালিয়াতি মোকাবিলায় বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘জাল মুদ্রা প্রতিরোধ আইন, ২০২৬’ শীর্ষক ৮ পৃষ্ঠার একটি খসড়া প্রণয়ন করেছে। ইতোমধ্যে খসড়াটি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সাধারণ মানুষের মতামতও আহ্বান করা হয়েছে।

খসড়া আইনে জাল নোট তৈরির পাশাপাশি তৈরির চেষ্টা, বিশেষ কাগজ, কালি বা নিরাপত্তা উপকরণ সংগ্রহ, জাল নোট আমদানি-রপ্তানি, পরিবহন, বিক্রি ও বাজারজাত করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে কেউ জেনেশুনে জাল নোট নিজের কাছে রাখলে বা লেনদেনে ব্যবহার করলেও তিনি আইনের আওতায় আসবেন। এসব অপরাধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমানে দণ্ডবিধিসহ বিভিন্ন আইনে জাল মুদ্রাসংক্রান্ত বিধান থাকলেও সেগুলো বিচ্ছিন্ন হওয়ায় তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়। নতুন আইনের মাধ্যমে সব ধরনের অপরাধকে একটি সমন্বিত আইনি কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টিং যন্ত্র, বিশেষ কাগজ, কালি এবং অন্যান্য সরঞ্জাম জব্দ ও বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে। আদালতের নির্দেশে জব্দ করা আলামত ও জাল নোট ধ্বংসের ব্যবস্থাও থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণ শেষে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো জাল মুদ্রার বিভিন্ন ধরনকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। এতে টেম্পার্ড (কারসাজি করা নোট), ব্লিচড (রাসায়নিক ব্যবহার করে পরিবর্তিত নোট) এবং মিসম্যাচড (অমিল অংশ বা সিরিয়ালযুক্ত নোট)—এই তিন ধরনের জাল মুদ্রার পৃথক সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু সম্পূর্ণ নকল নোটই নয়, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য বা মূল্যমান পরিবর্তন, রাসায়নিক ব্যবহার করে পুনর্মুদ্রণ কিংবা বিভিন্ন নোটের অংশ জোড়া দিয়ে নতুন নোট তৈরিও জাল মুদ্রা হিসেবে গণ্য হবে।

খসড়ায় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কারেন্সি অফিসারের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। সন্দেহজনক কোনো নোট পরীক্ষা করে সেটি জাল কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক প্রত্যয়ন দেবেন তিনি। আদালতে এই প্রত্যয়ন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে, যা তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করবে।

এ ছাড়া অধিকাংশ অপরাধকে আমলযোগ্য, জামিন-অযোগ্য এবং আপস-অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে। ফলে পুলিশ সরাসরি মামলা গ্রহণ ও তদন্ত করতে পারবে। পাশাপাশি তদন্ত, আলামত সংরক্ষণ, আদালতের এখতিয়ার এবং বিচারপ্রক্রিয়ার বিস্তারিত বিধানও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত এক দশকে জাল নোট তৈরির কৌশলে বড় পরিবর্তন এসেছে। উন্নত প্রিন্টিং প্রযুক্তি ও ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে সংঘবদ্ধ চক্রগুলো জাল নোট তৈরি করছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে নগদ লেনদেন বেড়ে গেলে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রবণতাও বাড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও নোট শনাক্তকরণ ব্যবস্থা জোরদার করে আসছে।


এ সম্পর্কিত আরো খবর