দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চললেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম বোর্ডের বাইরে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রগুলো পরীক্ষা গ্রহণের জন্য উপযোগী রয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের উদ্বেগ ছিল। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মাহ্দী আমিন জানান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে বর্তমানে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যান্য এলাকায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার পরীক্ষার্থীদের ভবিষ্যৎ, মানসিক অবস্থা এবং দীর্ঘদিনের প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন। নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর এবং বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। মঙ্গলবার সকালেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেই আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কোনো পরীক্ষার্থী যেন যাতায়াত সমস্যা বা জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে না পড়েন, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও পরিস্থিতির অবনতি হলে স্থানীয় প্রশাসন কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত অথবা পরীক্ষার সময় বাড়ানোর মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্য কোনো অঞ্চলের কোনো পরীক্ষার্থী নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত হতে না পারলে, তাকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ত্রুটি শনাক্ত হওয়ায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রশাসনের ভাষ্য, এটি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তের অংশ।