শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে (৭৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১৯৮১ সালে চট্টগ্রামে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই সাবেক এই সেনা কর্মকর্তা দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে আত্মগোপন করেছিলেন। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকা এই আসামির অবস্থান শনাক্ত করতে কাজ করছিল ডিবি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। যেহেতু তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং এই স্পর্শকাতর মামলার আসামি, তাই বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে (সশস্ত্র বাহিনী বিভাগ) অবহিত করা হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের (এমপি) একটি দলের কাছে যথাযথ আইনানুগ প্রক্রিয়া মেনে তাঁকে হস্তান্তর করা হয়েছে।