বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে শিক্ষার গুণগত মান এবং মানবসম্পদ উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। বৈঠককালে শিক্ষা, প্রযুক্তি এবং কৌশলগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাখাতে সিঙ্গাপুরের নিজস্ব অভিজ্ঞতা ও সফল মডেল বাংলাদেশের সঙ্গে আদান-প্রদান করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন মিচেল লি। এর পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনা ও লজিস্টিকস খাতের অগ্রগতি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিজিটালাইজেশনসহ সার্বিক বিমান চলাচল খাতের আধুিনকীকরণ, সরকারি সেবা খাতের সংস্কার, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার উদ্যোগ, কার্বন ক্রেডিট সংক্রান্ত পারস্পরিক সহায়তা এবং সরকারি কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে উঠে আসে।
অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষাখাতে যৌথ কার্যক্রম গ্রহণ ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।