ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন

পাঁচ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোর আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ৭:২০ পিএম

মাত্র চার থেকে পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাননি বলে চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১২ ফেব্রুয়ারির জাতীয়নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আগে যারা ঘুষ খেত, তারা এখনও একইভাবে ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। ভালো কাজ আটকে দেওয়ার পুরোনো প্রবণতাও বদলায়নি। এমনকি ভোল পাল্টানো অনেকেই এখন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে সামনে আসছেন।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর সার্কিট হাউস এলাকার তথ্য ভবন মিলনায়তনে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রকাশনার মোড়ক উন্মোচন এবং একটি সত্যনিষ্ঠ আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষের অকাতরে আত্মত্যাগ এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় আক্ষেপ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “এই কথাগুলো অত্যন্ত আক্ষেপ থেকেই বলছি। আমার বয়স অনেক হয়েছে, আমি তো সত্যিকার অর্থেই এবার একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে তা দেখতে পাচ্ছি না। প্রশাসনে পুরোনো সংস্কৃতি এখনও বহাল রয়েছে। শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্ব নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তন প্রয়োজন; অন্যথায় জুলাইয়ের অগণিত শহীদের আত্মত্যাগ কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না।”

প্রশাসনিক ক্ষেত্রে কিছুটা হতাশা ভর করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুমুখী প্রচেষ্টায় আশার আলো দেখছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে আশাবাদী এ কারণে যে, আমি পরিবর্তন দেখছেন একজন মানুষের মধ্যে—তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দিনরাত অক্লান্ত চেষ্টা করছেন এবং নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে যদি আমরা সবাই মিলে সামনে নিয়ে যেতে পারি, তবেই হয়তো কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে। সে জন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন দেওয়া দরকার।”

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের ইতিহাস মূলত স্বাধিকার ও পরিবর্তনের ইতিহাস। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান—প্রতিটি পরিবর্তনের জন্যই এ দেশের মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে। তরুণদের সাহসিকতায় গড়ে ওঠা জুলাই গণ-অভ্যুত্থান প্রথমে একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে শুরু হলেও পরবর্তীতে তা পুরো রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের ঐতিহাসিক আন্দোলনে রূপ নেয়। সেই অভ্যুত্থানে বহু তরুণ প্রাণ হারিয়েছেন, অসংখ্য পরিবার আজও সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে। এই মহান আত্মত্যাগের মূল্য তখনই সার্থক হবে, যখন রাষ্ট্র ও সমাজব্যবস্থায় প্রকৃত পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের কিছু ইতিবাচক উদ্যোগ দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সেই প্রচেষ্টাকে সফল করতে দেশের সব সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। পরিশেষে মির্জা ফখরুল একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক ও তরুণবান্ধব বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার প্রতি প্রকৃত শ্রদ্ধা তখনই জানানো হবে, যখন আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে পারব যেখানে মানুষের রক্তের আত্মত্যাগ বৃথা যাবে না এবং কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ নেবে।



এ সম্পর্কিত আরো খবর