ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৭:১৯ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি


অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। পরিকল্পিতভাবে এ খাতের উন্নয়ন করা গেলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ তৈরি হবে।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানো সম্ভব।

চিংড়ি উৎপাদনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টারভিত্তিক চিংড়ি চাষের উন্নয়ন করা হয়েছে। এরই মধ্যে এসব ক্লাস্টারের ৭ হাজার ৫০০ ঘেরে উৎপাদন গড়ের দ্বিগুণের বেশি বেড়েছে।

তিনি বলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রায় ৭ হাজার একর জমিতে চিংড়ি চাষের উন্নয়নে অবকাঠামো উন্নয়নসহ ‘শ্রিম্প সিটি মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে চিংড়ি উৎপাদন আরও বাড়ানো এবং এ খাতকে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু চিংড়ি নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ উৎপাদন ও সংরক্ষণেও সরকার গুরুত্ব দিচ্ছে। ইলিশ শুধু বাংলাদেশের জাতীয় মাছ ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ নয়, এটি দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি জানান, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১০ শতাংশ এবং দেশের জিডিপিতে এর অবদান এক শতাংশের বেশি। ইলিশের উৎপাদন ও সংরক্ষণে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৩-০৪ সালে বিএনপি সরকারের সময় ইলিশ ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় শুধু উৎপাদন বাড়ালেই হবে না, প্রাকৃতিক জলাশয়, নদী-নালা ও প্রজননক্ষেত্র সংরক্ষণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছের অভয়াশ্রম সংরক্ষণ, অবৈধ আহরণ বন্ধ এবং আধুনিক ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় মৎস্য পক্ষ পালিত হচ্ছে। ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশে পক্ষটি পালনের কর্মসূচি রয়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন তিনি।

জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৪টার দিকে পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন সহায়তা কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর