খুলনা প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে খুলনার দাকোপে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং দাকোপ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চিলড্রেন পার্ক প্রিক্যাডেট স্কুলের পরিচালক সাগর সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস এবং অধ্যক্ষ মাওলানা আজিউর রহমান। এছাড়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া বক্তব্য দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানো এবং সততা চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার বিষয় ছিল ‘শোষণমুক্ত সমাজ গঠনে দুর্নীতিই প্রধান অন্তরায়’। বিষয়টির পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির বিভিন্ন দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধের উপায় তুলে ধরে।
দাকোপ উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়, আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালীনগর গোবর্দ্ধন চন্দ্র মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। বিতর্কের প্রতিটি পর্বে প্রতিযোগীদের মধ্যে শাণিত যুক্তির লড়াই দেখা যায়। এতে শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি, বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং বিষয়ভিত্তিক জ্ঞান প্রকাশ পায়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান লাভ করে আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া বিজয়ী দলের দলনেতা জয়শ্রী চক্রবর্তী প্রতিযোগিতায় ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও বিজিত দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। পুরস্কার বিতরণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।
বক্তারা বলেন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের আদর্শে গড়ে তুলতে হবে। দুর্নীতি শুধু রাষ্ট্রীয় বা প্রশাসনিক পর্যায়ের সমস্যা নয়, এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশু-কিশোরদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা শুরু করতে হবে।
তারা আরও বলেন, বিতর্কের মতো সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা করতে শেখায়। একই সঙ্গে দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করে তোলে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত করা হলে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব ও সততার চর্চা আরও শক্তিশালী হবে।