নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের তরুণ এনামুল হক পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী বার্তা নিয়ে মাঠে নেমেছেন। মুখে আইসিইউর অক্সিজেন মাস্ক আর হাতে একটি চারাগাছ নিয়ে তিনি প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকছেন বিভিন্ন হাটবাজার, রাস্তার মোড় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে। অভিনব এই সচেতনতামূলক উদ্যোগের কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিতি পেয়েছেন ‘গ্রিন ম্যান’ হিসেবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সিএসই-তে অনার্স এবং কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা এনামুল মূলত পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ নিয়েছেন। তাঁর মতে, আইসিইউতে একজন মুমূর্ষু রোগী যেমন অক্সিজেনের মূল্য বোঝেন, চারপাশের গাছগুলো কোনো মূল্য ছাড়াই আমাদের প্রতিদিন সেই অক্সিজেন দিচ্ছে। কিন্তু নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে, তাতে সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিই অক্সিজেন মাস্ক ঝুলিয়ে ঘুরতে হবে।
নিজের টিউশনির জমানো টাকা দিয়ে এনামুল এ পর্যন্ত প্রায় দুই হাজার গাছ নিজ হাতে রোপণ করেছেন। এ ছাড়া পথচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারে অন্তত তিন হাজার চারা বিতরণ করেছেন। তবে শুধু গাছ লাগানোই নয়, সেগুলোকে টিকিয়ে রাখাকেই আসল চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। তাই চারা রোপণের পর তা সন্তানের মতো পরিচর্যা করে বড় তোলার আহ্বান জানিয়েছেন এই তরুণ।
সরকারের পাশাপাশি তরুণ সমাজকে প্রযুক্তির পাশাপাশি অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান এনামুল। তিনি স্বপ্ন দেখেন, তাঁর রোপণ করা গাছগুলো বহু বছর বেঁচে থেকে প্রকৃতিকে বাঁচিয়ে রাখবে এবং আগামীর পৃথিবীকে দেবে অক্সিজেনের নিঃশ্বাসের নিশ্চয়তা।