ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পুঠিয়ায় মাদক ও চোরাই মালসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ২৩ আগস্ট, ২০২৬ সময় : ৭:২১ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নিষিদ্ধ ওষুধ এবং চলন্ত ট্রাক থেকে চুরি করা মালামালসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় বিভিন্ন ধরনের মাদক, চিকিৎসায় ব্যবহৃত নিষিদ্ধ ওষুধ, চোরাই সয়াবিন তেল, মোবাইল সিমকার্ড, রিচার্জ কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেল ও সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল ধোপাপাড়া গ্রাম ও স্থানীয় বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন পুঠিয়া উপজেলার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মো. মিজানুর রহমান (২৫) ও তার সহযোগী মো. মিঠন আলী (৩৩)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ধোপাপাড়া গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে তার ঘরে তল্লাশি চালানো হয়।

অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৯ পিস নিউপোম্যাক্স ইনজেকশন এবং ২১ পিস জেনিম ইনজেকশন উদ্ধার করা হয়। এ ছাড়া সরকারি ও নিষিদ্ধ মানব ও পশু চিকিৎসার বিভিন্ন ওষুধ, সার এবং কীটনাশক জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মিজানুর রহমানের হেফাজত থেকে চুরি যাওয়া একটি এইচপি কোর-আই ফাইভ ল্যাপটপ, ১৮২টি মোবাইল সিমকার্ড, ১ লাখ ১২ হাজার ৮১০ টাকা মূল্যের গ্রামীণফোন রিচার্জ কার্ড, পাঁচটি মোবাইল ফোন এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের মধ্যে হাতুড়ি, রেঞ্জ ও কাটিং টুলস রয়েছে।

পরে মিজানুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৭টার দিকে ধোপাপাড়া বাজারে মিঠন আলীর মুদির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩৯৯ লিটার চোরাই সয়াবিন তেল এবং ৪৯৮ পিস নিষিদ্ধ ‘রুটা রেস’ যৌন-বর্ধক সিরাপ জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার মিজানুর রহমান একটি আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। চক্রটি দীর্ঘদিন ধরে চলন্ত ট্রাক থেকে কৌশলে বিভিন্ন মালামাল চুরি করে সেগুলো নিজেদের হেফাজতে রেখে বিক্রি করে আসছিল।

র‌্যাব আরও জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডে পৃথক মামলা দায়ের করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর