ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, সমাধান ৬৬ জনের


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৫৮ পিএম

চট্টগ্রাম সংবাদদাতা 

চট্টগ্রামে নিজেদের জমা অর্থ উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং জটিলতার দ্রুত সমাধানের দাবিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর জোনাল অফিসে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে উপস্থিত আমানতকারীদের মধ্যে ৬৬ জনের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।

সোমবার (২৪ আগস্ট) ‘সম্মেলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন’ চট্টগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভুক্তভোগী আমানতকারী অংশ নেন।

কর্মসূচিতে চট্টগ্রাম কমিটির সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাজ্বি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি শারমিন আক্তার ও অর্থ সম্পাদক এ কে এম আলাউদ্দিন আজাদ যৌথভাবে নেতৃত্ব দেন। কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন এলাকা থেকে আমানতকারীরা কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিজেদের জমা অর্থ প্রয়োজনের সময় উত্তোলন করতে পারছেন না তারা। অর্থ উত্তোলনের ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক জটিলতা এবং ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ পরিস্থিতির দ্রুত সমাধান করে আমানতকারীদের অর্থ পাওয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।

আয়োজক সংগঠনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করে আমানতকারীদের সমস্যার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় প্রায় প্রতিটি শাখাতেই গ্রাহকদের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতাপূর্ণ আচরণের অভিযোগ পাওয়া গেছে বলে তারা দাবি করেন।

এরই ধারাবাহিকতায় আমানতকারীদের সমস্যা তুলে ধরতে সোমবার হালিশহর জোনাল অফিসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচির একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আয়োজকদের আলোচনা হয়। পরে উপস্থিত আমানতকারীদের মধ্য থেকে প্রায় ৬৬ জনের বিভিন্ন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এ ছাড়া যেসব আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা প্রয়োজন, সেগুলো অগ্রাধিকার দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়।

সমাবেশে আমানতকারীরা বলেন, তারা দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ নিরাপদ মনে করে ব্যাংকে জমা রেখেছেন। কিন্তু প্রয়োজনের সময় সেই অর্থ উত্তোলন করতে না পারায় পারিবারিক ও ব্যবসায়িকসহ বিভিন্ন ক্ষেত্রে সংকটে পড়তে হচ্ছে। তাই আমানতকারীদের অর্থ উত্তোলনের জটিলতা দ্রুত দূর করে স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন, ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের সঙ্গে কর্মকর্তাদের সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করা প্রয়োজন। আমানতকারীদের হয়রানি বন্ধ করে তাদের সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সংগঠনের নেতারা বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হলে তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখবেন। তবে যেসব সমস্যা এখনো সমাধান হয়নি, সেগুলোও দ্রুত নিষ্পত্তির দাবি জানান তারা।

কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং অংশ নেওয়া সাধারণ আমানতকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ‘সম্মেলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন’ চট্টগ্রাম কমিটি।


এ সম্পর্কিত আরো খবর