মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে পরিত্যক্ত একটি আস্তানা থেকে একটি বড় ও পাঁচটি ছোটসহ মোট ৬টি তাজা গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। সচেতনতামূলক কর্মসূচির দিনেই সরাসরি গাঁজাগাছ উদ্ধারের এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের সাধারণ অধিবাসীদের অংশগ্রহণে বক্তারকান্দি গ্রামে এই মাদকবিরোধী র্যালি আয়োজিত হয়। র্যালিতে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ৯ নম্বর ওয়ার্ড সদস্য সবুজ, ৭ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শান্তি, শহিদ মিয়াসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালি চলাকালে স্থানীয় কয়েকজন সচেতন বাসিন্দা জানান, বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় নিয়মিত মাদকসেবীদের আস্তানা বসে। তথ্য পেয়ে ইউপি প্রশাসক এবাদুল হকসহ র্যালিতে অংশ নেওয়া জনতা তাৎক্ষণিক স্থানটি পরিদর্শনে যান। সেখানে তল্লাশি চালিয়ে তারা মাদক সেবনের একাধিক আলামতসহ প্রথমে একটি বড় তাজা গাঁজাগাছ দেখতে পান। পরবর্তীতে আশপাশে সতর্ক তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ছোট গাঁজাগাছ শনাক্ত ও উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক জানান, পরিদর্শনে গিয়ে মাদক সেবনের নমুনার পাশাপাশি তাজা গাঁজাগাছের সন্ধান পাওয়া যায়। তিনি জোর দিয়ে বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে এসব গাছের রোপণকারী ও সেবনের আস্তানার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাঁজাগাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।