বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নাগরিক সংবর্ধনা প্রদান করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী এই হাফেজকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদানের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক মণ্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করে কেবল তাঁর পরিবার বা বাউফলের নাম নয়, বরং পুরো বাংলাদেশের মুখ বিশ্বমঞ্চে সমুজ্জ্বল করেছেন। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিভাবান প্রতিযোগীদের পেছনে ফেলে তাঁর এই মেধা ও বিশ্বজয় বাউফলবাসীর জন্য অত্যন্ত গর্বের ও পরম আনন্দের।”
তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, “উপযুক্ত দিকনির্দেশনা ও সুযোগ নিশ্চিত করা গেলে আমাদের গ্রাম-বাংলার সন্তানরাও যে বিশ্বজয় করতে পারে, হাফেজ জাকারিয়া তা বিশ্ব দরবারে প্রমাণ করেছেন। তাঁর এই ঐতিহাসিক সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থী ও উদীয়মান হাফেজদের জন্য চিরন্তন অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। কোরআনের আলো ও সুনৈতিক শিক্ষায় আলোকিত সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে এগিয়ে আসতে হবে।” সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
মূল আলোচনা সভা শেষে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বিশ্বজয়ী হাফেজ জাকারিয়ার মাথায় বিশেষ সম্মাননার টুপি পরিয়ে দেন এবং তাঁর হাতে সম্মাননা স্মারক ও উপহারের নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাউফল সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এবং বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম।
উপস্থিত অতিথিবৃন্দ ও বক্তারা হাফেজ জাকারিয়ার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তাঁর সুস্বাস্থ্য ও সাফল্যমণ্ডিত উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।