সিরাজগঞ্জ প্রতিনিধি / : 45
সিরাজগঞ্জের তাড়াশে এক ভূমিহীন ব্যক্তির দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার প্রতিকার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ভূমিহীন কামাল হোসেন (৫৬)। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাড়াশ উপজেলার মাকড়শোন গ্রামের মান্নান (৬০), আমিরুল (৫০), সিরাজ (৫৮) ও শফি (৪৫)-কে।
অভিযোগপত্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাড়াশ থানাধীন মাকড়শোন মৌজায় আনুমানিক ২০ শতাংশ খাস জায়গায় কামাল হোসেন পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জায়গায় বসতবাড়ি গড়ে তিনি পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। তবে বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা ওই বসতবাড়ির জায়গা থেকে তাকে উচ্ছেদ করে জায়গাটি দখলের চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও নানা ধরনের ঝামেলা চলে আসছিল।
লিখিত অভিযোগে কামাল হোসেন উল্লেখ করেন, গত ২৭ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে তার বসতবাড়ি ঘিরে ফেলেন। পরে তারা মূল ঘরের সীমানা ঘেঁষে জোরপূর্বক বেড়া দিতে শুরু করেন।
এ সময় কামাল হোসেন বিষয়টি দেখতে পেয়ে তাদের বেড়া দিতে নিষেধ করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জায়গা ছেড়ে চলে যেতে বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে কামাল হোসেন গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। তারা দেশীয় অস্ত্রশস্ত্র উঁচিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় সানোয়ার, আনিছসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার পর অভিযুক্তরা কামাল হোসেন ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কামাল হোসেন বলেন, তিনি একজন ভূমিহীন মানুষ। দীর্ঘদিন ধরে যে জায়গায় পরিবার নিয়ে বসবাস করছেন, সেটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ভবিষ্যতে তিনি বা তার পরিবারের কেউ ওই জায়গায় গেলে বড় ধরনের সংঘর্ষ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।