গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ পাঁচজন আরোহী নিয়ে অটোরিকশাটি কালিয়াকৈরের দিকে আসছিল। গাড়িটি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। একই সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। এই ঘটনায় ঘাতক গাড়ি জব্দ ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।