অভিযোগপত্রে রবিউল ইসলাম উল্লেখ করেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকায় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে তিনি অংশ নেন। কর্মসূচি শেষে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মল্লিকবাড়ি বাজারে জয়নাল নন্দীলের চায়ের দোকানে বসে ছিলেন তিনি। এ সময় মোমিন ফকির, সুজন ফকিরসহ কয়েকজন তাঁকে ঘিরে ধরেন বলে অভিযোগ করা হয়।
রবিউল ইসলামের অভিযোগ, ওই ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, বাঁশের লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে মাটিতে ফেলে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়, রবিউল ইসলাম আত্মরক্ষার চেষ্টা করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পরও তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের একাংশের ভাষ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করেই শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। তাঁদের দাবি, রবিউল ইসলাম ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বাধীন কর্মসূচিতে অংশ নিলেও মোমিন ফকির ওই কর্মসূচিতে অংশ নেননি। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
অভিযোগপত্রে রবিউল ইসলাম আরও দাবি করেন, এর আগেও রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁর প্রতি ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
মল্লিকবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক অবস্থান নিয়েও স্থানীয় পর্যায়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে বলে নেতাকর্মীদের একটি অংশ জানিয়েছে। রবিউল ইসলাম ওই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং মোমিন ফকির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
এদিকে, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে একজন নেতার ওপর হামলার অভিযোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি রয়েছে।
রবিউল ইসলাম তাঁর লিখিত অভিযোগে ঘটনার তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।