ঝালকাঠি প্রতিনিধি
চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটির সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে পাঁচ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা এ রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড. গোলাম মাওলা শান্ত।
রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. গোলাম মাওলা শান্ত জানান, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা করেন।
মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ লাখ টাকার ওই চেক নিয়ে বিরোধের জেরে মামলাটি দায়ের করা হয়। পরে মামলার সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আদালত বিজন কৃষ্ণ খরাতীকে পাঁচ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তাকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালতের রায়ের পর মামলাটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।