ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,  ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিয়ে রোধে ষাটগম্বুজে সচেতনতা প্রচারণা


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ষাটগম্বুজে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কাজী, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে পরিচালিত ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ-৩’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, বিবাহ রেজিস্ট্রার আব্দুল্লাহেল মুমিন ও পল্লী চিকিৎসক ফকির মাজেদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেকুল ইসলাম বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক সমস্যা। এটি কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, বাল্যবিয়ে বন্ধে কাজী, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সঠিক জন্মনিবন্ধন যাচাই ছাড়া কোনো বিয়ে না পড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ফকির মাসুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় পরিবার কাজ করছে। বাল্যবিয়ে প্রতিরোধেও বিদ্যালয় সবসময় সোচ্চার থাকবে।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়।


এ সম্পর্কিত আরো খবর