ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,  ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সেনার পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৫৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও ব্যবহার করে নারী সেনার পরিচয়ে ইতালিপ্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গ্রেফতার যুবকের নাম তোকফায়েল আলম টিটু (৩৫)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা। পিবিআই ঢাকা জেলা জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ হিসাবের মোবাইল সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শাহাদাত খান (২২) ইতালিপ্রবাসী। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার শাহনাজ বেগমের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি আইডির মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়। ওই আইডিতে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।

পরে নারী সেনার পরিচয়ে নারীকণ্ঠে ফোনালাপের মাধ্যমে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয় বলে তদন্তে জানিয়েছে পিবিআই। একপর্যায়ে বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদ হিসাবের মাধ্যমে আনুমানিক ৭ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শাহাদাত প্রথমে একটি সাইবার মামলা করেন। তদন্তে পিবিআই অর্থ লেনদেন ও প্রতারণার তথ্য পাওয়ার পর কেরানীগঞ্জ মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়।

পিবিআই জানায়, প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনা এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এএন মোর্শেদ, পিপিএমের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

তদন্তে আরও জানা গেছে, তোকফায়েল আলম টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। শাহাদাতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে পরিচয়ের পর ইমোতে নারীকণ্ঠে কথা বলতেন তিনি। এমনকি শাহাদাতের মায়ের সঙ্গেও যোগাযোগ করে নিজের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআইয়ের পর্যালোচনায় আরও উঠে এসেছে, টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রতারণার ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিবিআইয়ের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, গ্রেফতার ব্যক্তি একই কৌশলে দেশে ও বিদেশে অবস্থানরত আরও অনেকের সঙ্গে প্রতারণা করে থাকতে পারেন। এ ক্ষেত্রে নিজেকে নারী সাজিয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এএন মোর্শেদ, পিপিএম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটে। এ ধরনের প্রতারণায় জড়িতদের গ্রেফতারে পিবিআই ঢাকা জেলা কাজ করছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটন করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর