ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,  ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকসেবনে বাধা, ইউপি মেম্বারের চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১০ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এর আগে একই যুবকের বিরুদ্ধে এক ইউপি সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা ত্রি-মোহনার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মানসুর মোল্যা (৪৫)। তিনি কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্যা (২০) একই গ্রামের লিপটন মোল্যার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়।

এর পরদিন শনিবার রাতে কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানে যান হাসিব। সেখানে ইউপি সদস্য কাসেদের চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম গিয়ে আগের দিনের ঘটনার বিষয়ে তার কাছে জানতে চান। এ সময় হঠাৎ ধারালো অস্ত্র বের করে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

হামলায় মানসুর মোল্যা ও নূর ইসলাম গুরুতর আহত হন। পরে মানসুরকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে তার মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন থেকে বিরত থাকতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামের ওপর হামলা চালানো হয়। নিহত মানসুরের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে।

 


এ সম্পর্কিত আরো খবর