ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,  ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে রাতে অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান, জরিমানা


  • আপলোড সময় : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১৩ পিএম

হবিগঞ্জের বাহুবলে রাতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। একই ঘটনায় মিঠুন সাওতাল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার হরিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানের সময় আলী মসজিদের পাশ থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

পরে রাত ১০টার দিকে হরিতলা এলাকায় মিঠুন সাওতালকে আটক করা হয়। তিনি বাহুবল উপজেলার ফয়জাবাদ এলাকার মনোজ সাওতালের ছেলে।

অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে মিঠুন সাওতালকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর