বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় ও চিরসবুজ নায়িকা পূর্ণিমা ফের একবার নিজের রূপ এবং অনন্য বাঙালিআনায় ভক্তদের মুগ্ধ করেছেন। ঐতিহ্যবাহী জামদানি শাড়ি আর খোঁপায় বেলি ফুলের মালায় মায়াবী সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিয়েছেন এই তারকা, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
রোমান্টিক ঘরানার চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে যিনি একসময়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন, আজও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ কিংবা ‘ভালোবাসার লাল গোলাপ’-এর মতো দর্শকপ্রিয় সিনেমার নায়িকা পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি নিজের মার্জিত সৌন্দর্য ও রুচিশীল সাজসজ্জার জন্যও বিশেষভাবে পরিচিত। যেকোনো পোশাকেই বাঙালিয়ানার ছোঁয়া ফুটিয়ে তুলতে তার জুড়ি মেলা ভার।
সম্প্রতি নিজের সামাজিক হ্যান্ডেলে বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা, যেখানে তাকে একেবারে চিরচেনা বাঙালি নারীর রূপে দেখা গেছে। পরনে জমকালো ও নান্দনিক জামদানি শাড়ি, আর পরিপাটি খোঁপায় গোঁজা ফুলের মালা—সব মিলিয়ে তার এই আভিজাত্যপূর্ণ সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও রূপের অনন্য মিশ্রণ। অতিরিক্ত কোনো কৃত্রিমতা বা চাকচিক্য ছাড়াই কেবল ঐতিহ্যবাহী সাজের সরলতা তার চেহারার লাবণ্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য...’। তার এই ছোট্ট ও অর্থবহ বাক্যটিতেই যেন ফুটিয়ে উঠেছে জামদানির প্রতি তার ভালোলাগা এবং এর চিরন্তন আকর্ষণের বিষয়টি। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। পূর্ণিমার এই লুক আবারও প্রমাণ করল, ফ্যাশনের ট্রেন্ড যতই বদলাক না কেন, বাঙালি নারীর পোশাকে ঐতিহ্যবাহী জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।