ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ছাত্রদল নেতাদের সাথে নিয়ে তালা ভেঙে চুয়েট দপ্তরে ঢুকলেন ভিসি


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ১১:৩৩ এএম

চুয়েট প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের সর্বাত্মক ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল নয়টার দিকে চুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

 

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একটি মাইক্রোবাসে করে প্রধানে ফটকে কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন উপাচার্য। পরে তিনি চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইনসহ অন্য নেতাকর্মীদের সাথে নিয়ে উপাচার্য ভবনের প্রবেশপথের তালা ভেঙে ভেতরের নিজ কক্ষে গিয়ে বসেন। শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা উপাচার্যের সঙ্গেই ভবনে প্রবেশ করেছেন।

 

উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে গত ২১ সেপ্টেম্বর চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিদায়ী উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে কর্মবিরতি পালন করায় গত ২০ দিন ধরে চুয়েটে সব ধরনের ক্লাস-পরীক্ষা সম্পূর্ণ বন্ধ রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর