ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমন আকনকে এক বিশেষ মতবিনিময় সভায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কলেজের শিক্ষক-কর্মচারীদের যৌথ উদ্যোগে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের সূচনা ঘটে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে। অনুষ্ঠান চলাকালে কলেজের শিক্ষক-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন।
পরবর্তীতে আয়োজিত আলোচনা পর্বে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরানা পারভীন, বিশিষ্ট সমাজসেবক হেমায়েত উদ্দিন আকন, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। তারা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সভাপতির দিকনির্দেশনামূলক ভূমিকা প্রত্যাশা করেন।
সংবর্ধনার জবাবে কলেজের সভাপতি মো. জহিরুল ইসলাম (রিমন আকন) তার বক্তব্যে বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো এর শিক্ষার্থীরা। তারা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকে এবং আগামীর পাবলিক পরীক্ষায় উত্তরোত্তর ভালো ফলাফল অর্জন করতে পারে, সেটাই বর্তমান পরিচালনা কমিটির প্রধান লক্ষ্য ও প্রত্যাশা।