ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সংবাদ প্রকাশের জেরে নির্যাতন: পরোয়ানাভুক্ত আসামি অবশেষে কারাগারে


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইরে প্রবীণ সাংবাদিক মাসুম বাদশাহর ওপর নৃশংস হামলা ও ছিনতাইয়ের আলোচিত মামলায় জামিন বাতিল হওয়া চার আসামির অন্যতম সদস্য ওয়াজুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের পুনঃআবেদন জানালে বিজ্ঞ বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে সরাসরি কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


কারাগারে পাঠানো ওয়াজুদ্দিন (৪৫) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান আগুর।


আইনজীবী জানান, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাসুম বাদশাহর ওপর অতর্কিত হামলা, শারীরিক নির্যাতন ও তাঁর ব্যবহৃত মূল্যবান হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার সুনির্দিষ্ট সত্যতা পুলিশের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। পূর্বে ফৌজদারি রিভিশন আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুলাই মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান আসামিদের অসদুপায়ে সংগৃহীত জামিন বাতিলের নির্দেশ দেন। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অভিযুক্ত চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।


মামলার অন্য অভিযুক্তরা হলেন সিংগাইরের লক্ষ্মীপুর গ্রামের হুমায়ুন ওরফে ‘ইয়াবা হুমায়ুন’, আনোয়ার হোসেন এবং জিসান। উল্লেখ্য, সংবাদ পরিবেশনের জেরে গত বছরের ১৫ এপ্রিল সকালে সিংগাইরের ধল্লা বাজারসংলগ্ন একটি কার্যালয়ের সামনে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও সিংগাইর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুম বাদশাহর ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। পরবর্তীতে তিনি বাদী হয়ে নামীয় পাঁচজনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।


এ সম্পর্কিত আরো খবর