ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফরিদপুরে ৯৪টি পূজামণ্ডপে পৌরসভার অনুদান ও শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৮:১১ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

আবহমান বাংলার ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুর পৌরসভার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলাজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার এবং প্রতিমা বিসর্জন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠান শেষে পৌরসভার পক্ষ থেকে শহরের ৯৪টি ভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা এবং প্রতিটি মন্দিরে ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়।


সোমবার (১২ অক্টোবর) ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ এবং স্থানীয় হিন্দু ধর্মীয় প্রতিনিধি অয়ন সাহা। বক্তারা বলেন, ফরিদপুর চিরকালই অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এই জনপদে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। কোনো অশুভ কিংবা অপশক্তি যেন গুজব ছড়িয়ে শান্তির পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


আলোচনা সভা শেষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ৯৪টি পূজামণ্ডপ কমিটির হাতে পাঁচ হাজার টাকা করে নগদ অনুদান তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি মন্দিরে ১০টি করে ধর্মীয় শ্রীমদ্ভগবদ্গীতা উপহার দেওয়া হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মো. তানজিলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিমা বিসর্জন নিরাপদ করতে বিশেষ উদ্যোগের কথা জানানো হয় এবং সবার সহযোগিতায় একটি দৃষ্টিনন্দন ও আনন্দমুখর দুর্গোৎসব উদযাপনের আশাবাদ ব্যক্ত করা হয়।


এ সম্পর্কিত আরো খবর