ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৩ জেলের জরিমানা, জাল জব্দ


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৮:০৪ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকাতেও মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকারক কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া মাছ এতিমখানায় দান করা হয়েছে।


গতকাল রোববার (১১ অক্টোবর) দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।


জেলা প্রশাসন মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ নিধন ও মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট দায়ে তিন জেলেকে আইন অনুযায়ী মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযান চলাকালে একই এলাকায় পৃথক একটি মাদকবিবোধী তৎপরতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উদ্ধারকৃত দু'টি ক্যারেটে রক্ষিত ইলিশ মাছগুলো স্থানীয় তিনটি মাদ্রাসা, এতিমখানা এবং জেলা শিশু পরিবারে বসবাসরত শিশুদের মাঝে বিতরণ করা হয়।


এই যৌথ অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, লক্ষ্মীপুর কোস্টগার্ডের একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যক্ষভাবে সহায়তা প্রদান করেন। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ তৎপরতা বন্ধে স্থানীয় নদীর পয়েন্টগুলোতে প্রশাসনের এমন কঠোর তদারকি ও জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


এ সম্পর্কিত আরো খবর