ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,  ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

৫৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

যশোর প্রতিনিধি 

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শা ও আন্তর্জাতিক বেনাপোল সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষার ধারাবাহিক এই বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক পৃথক স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল বিওপি এবং হিজলী বিজিবি ক্যাম্পের একটি চৌকস দল সীমান্তবর্তী একাধিক কৌশলগত স্থানে সপ্তাহজুড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এর মধ্যে গত চার দিনের অভিযানেই উদ্ধার করা হয়েছে ৩২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যমানের মালামাল। পরিসংখ্যানে জানা যায়, গত ৯ অক্টোবর ১২ লাখ ১৮ হাজার টাকা, ১০ অক্টোবর ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, ১১ অক্টোবর ৬ লাখ ৪২ হাজার ৬০০ টাকা এবং আজ সোমবার সকালে ৭ লাখ ৪১ হাজার টাকার মালামাল আটক করা হয়। এর আগের চার দিনেও আরও প্রায় ২৬ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছিল বিজিবি।


উদ্ধারকৃত চোরাই পণ্যের তালিকার মধ্যে রয়েছে আকর্ষণীয় শাড়ি, থ্রি-পিস, উন্নতমানের কম্বল, কলম, প্যাকেটজাত বিস্কুট, বিছানার চাদর, বিভিন্ন নামি-দামি কসমেটিকস সামগ্রী ও নানা ধরনের জীবনরক্ষাকারী ওষুধ। এ ছাড়াও ভারতীয় জিরা, কিসমিস, ফুচকা ও নিষিদ্ধ নেশাজাতীয় বিভিন্ন সিরাপ জব্দ করা হয়।


সীমান্ত পরিস্থিতি ও অভিযানের বিষযে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নিশ্চিত করেছেন যে, সীমান্তে যেকোনো ধরণের অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান বন্ধে বিজিবির এমন কঠোর জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর