সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আনন্দময়ী দেবী দুর্গার আবাহন ও অধিবাসের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটল এবারের উৎসবের। সাধারণত দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী উদযাপিত হলেও এ বছর তিথির বিশেষ মারপ্যাঁচে মহাসপ্তমী দুদিন পড়ায় পূজার আনন্দ চলবে টানা ছয় দিন ধরে। আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই মিলনমেলার।
সনাতন শাস্ত্রীয় পঞ্জিকা অনুযায়ী, এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়েছে। সে হিসাবে আগামীকাল শনিবার প্রথম মহাসপ্তমী এবং রবিবার মহাসপ্তমীর অধিক পূজার দিন ধার্য করা হয়েছে। এরপর সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী উদযাপন শেষে বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী বিদায় নেবেন। সনাতন ধর্মীয় বিশ্বাসমতে, এবার দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটছে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে এবং তিনি দেবালয়ে ফিরে যাবেন নৌকায় চড়ে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, কন্যা রূপ ধারণ করে দেবী দুর্গা বাবার বাড়ি মর্ত্যলোকে আগমন করেন অসুরের বিনাশ ঘটিয়ে সত্য ও সুন্দরের সুরক্ষায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্যমতে, এ বছর সারা দেশে রেকর্ডসংখ্যক ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে অন্তত ৪৯৬টি বেশি। তবে দেশের বিভিন্ন স্থানের তুলনায় ঢাকা মহানগরীতে ভিন্ন চিত্র দেখা গেছে। রাজধানীতে চলাচলের নিরাপত্তার খাতিরে এবং রাস্তার ওপর মণ্ডপ তৈরির অনুমতি না মেলায় মণ্ডপের সংখ্যা ৩টি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে। দেশজুড়ে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।