রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মানদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ শিকারের অপরাধে একজনকে হাতেনাতে আটক করেছে নৌপুলিশ ও উপজেলা মৎস্য দপ্তর। এ সময় নদী থেকে ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ইলিশ স্থানীয় শিশুদের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত দৌলতদিয়াসংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তির নাম দুলাল সরদার (৫৫)। তিনি পাবনা জেলার আমিনপুর থানার গোয়ালনগর গ্রামের বাসিন্দা মোঃ ইমাদ আলী সরদারের ছেলে।
উপজেলা মৎস্য দপ্তর ও দৌলতদিয়া নৌপুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অনুযায়ী মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দুলাল সরদারকে মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের উপস্থিতিতে জব্দকৃত ৭০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার হওয়া ৫ কেজি ইলিশ মাছ নদীর পাড়ে অবস্থানরত শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, মৎস্য দপ্তরের কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যবৃন্দ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, প্রজনন মৌসুমে ইলিশ শিকার, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ আইনি অপরাধ। অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মা ইলিশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।