রাজনীতির মাঠে কাউকে বিশ্বাস করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউজম্যাক্স’-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি আদৌ বিশ্বাস করেন কি না—এমন এক সরাসরি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সের সঙ্গে খোলামেলা কথা বলার সময় মধ্যপ্রাচ্য সংকট ও ইসরায়েল রাজনীতি নিয়ে নানা বিস্ফোরক তথ্য প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারের একপর্যায়ে উপস্থাপক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না এবং আগামী ২৭ অক্টোবর ইসরায়েলি সংসদের আসন্ন নির্বাচনে তিনি কাউকে সমর্থন করছেন কি না। এর জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “সত্যি কথা বলতে কী, আমি কাউকে বিশ্বাস করি না। রাজনৈতিক বিশ্বের কোনো মানুষকে আমি বিশ্বাস করার প্রশ্নই আসে না।” তবে তিনি এখনো ইসরায়েলি নির্বাচনে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেননি বলে জানান, যদিও ভবিষ্যতে দিতে পারেন।
ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের অনেক কর্মকর্তা চাচ্ছেন তিনি যেন সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নেন ও তাঁর হয়ে কাজ করেন। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “ইসরায়েলের সাধারণ মানুষ আমাকে জানিয়েছে যে, আমি যদি খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতাম, তবে দেশটির অন্তত ৯৯ শতাংশ মানুষ আমাকে ভোট দিতো।”
যদিও নেতানিয়াহুর সঙ্গে তাঁর ভালো এবং দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে তিনি ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে বলেন, পরিস্থিতি সাপেক্ষে ইরানের বিরুদ্ধে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মারাত্মক শক্তি প্রয়োগ করতে পারে। এমনকি তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সামনে হয়তো তারা ইরানে ‘মাদার অব অল বম্বস’ বা সব বোমার জননী খ্যাত সর্বনাশা বোমা ব্যবহার করবেন, যা ধ্বংস ক্ষমতার দিক থেকে একটি ছোটখাটো পারমাণবিক বোমার সমতুল্য।
(সূত্র: নিউজম্যাক্স)