সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ গন্তব্যে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নিজেদের সব ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ‘ইন্ডিগো’। মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল ও জটিল পরিস্থিতি মূল্যায়ন করে তারা রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী আসা-যাওয়ার নিয়মিত ফ্লাইটগুলো বাতিল করেছে।
ভারতের উপর দিয়ে ট্রানজিট নিয়ে সৌদি আরবে যাতায়াতকারী বাংলাদেশি প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের ভ্রমণ নিয়ে এতে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তের ফলে কেবল গত এক সপ্তাহেই ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের বহনকারী ইন্ডিগোর ২২টি গুরুত্বপূর্ণ সংযোগকারী ট্রানজিট ফ্লাইট পুরোপুরি বাতিল করতে হয়েছে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হঠাৎ করে জারি করা নতুন বিধিনিষেধ ও উদ্ভূত পরিস্থিতির কারণে গত কয়েক দিনে ঢাকা থেকে সরাসরি ও বিভিন্ন দেশের ট্রানজিট মিলিয়ে মোট ১০৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো। এই আকস্মিক সিদ্ধান্তের ফলে প্রায় ১৫ হাজার ৭৭ ৯ জন মধ্যপ্রাচ্যগামী যাত্রী চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাতিল হওয়া এসব যাত্রার মধ্যে বিভিন্ন দেশের বিমানবন্দর ব্যবহার করা সৌদিগামী ট্রানজিট ফ্লাইট রয়েছে ৬১টি, যার একটি বড় অংশই পরিচালনা করত ইন্ডিগো।
ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের সময় প্রদান করা যোগাযোগের মাধ্যম ব্যবহার করে প্রয়োজনীয় সতর্ক বার্তা ও আপডেট নোটিশ পাঠানো হচ্ছে। যেসকল যাত্রী ট্রাভেল এজেন্সি বা ভিন্ন কোনো এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক নানা এয়ারলাইন্স সংস্থা তাদের নির্ধারিত সূচি পরিবর্তন ও সাময়িক স্থগিত ঘোষণা করছে। এতে বাংলাদেশ থেকে ছুটিতে দেশে আসা প্রবাসী কর্মী, নতুন ভিসাধারী শ্রমিক এবং সাধারণ যাত্রীদের কর্মস্থলে সময়মতো ফেরা নিয়ে চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সৌদিগামী যেকোনো যাত্রীকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ আপডেট নিশ্চিত হওয়ার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে ট্রানজিট যাত্রীদের ঢাকা থেকে প্রথম ফ্লাইটের পাশাপাশি পরবর্তী সংযোগকারী সংযোগ ফ্লাইট সচল রয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে কতৃপক্ষ।