সোহাগ মাতুব্বর, (ভাঙ্গা) ফরিদপুর:
"আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করব"—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শহিদুল ইসলাম খান বাবুল।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত ইউনিয়ন যুবদলের এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হন।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজমের চমৎকার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজিবুল হাসান রাজিব। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। সম্মেলনে বিএনপি, যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা সাপেক্ষে আগামীতে আলগী ইউনিয়নে একটি সুসংগঠিত ও শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিশেষ প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান অতিথি।