ভারতের অরাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দিপকে-কে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির ঐতিহাসিক সেন্ট্রাল পার্কে দলের পূর্বঘোষিত জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে বের হওয়ার মাত্র কয়েক মিনিট আগে তাঁকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকেও একবার তাঁকে আটক করা হয়েছিল। পরদিন ১১ অক্টোবর মুক্তি পাওয়ার পর তিনি তাঁর পরিবারে ফিরে যান, কারণ ওই সময়ে বার্ধক্যজনিত কারণে তাঁর দাদি মারা যান। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কিছুদিন ধরেই ককরোচ জনতা পার্টির তরুণ সমর্থক ও নেতাকর্মীরা দেশজুড়ে আন্দোলন চালিয়ে আসছেন। তাঁদের মূল অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে অবৈধ সুবিধা দিতে প্রধান নির্বাচন কমিশনার চক্রান্ত করে ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দিয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে তালিকা থেকে প্রায় ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল এবং নির্বাচন শেষ হতেই আবার সেই নামগুলো যোগ করা হয়।
শুক্রবার সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল মূলতঃ ককরোচ পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে। গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। শুক্রবারের কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই দিপকের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় যে সেন্ট্রাল পার্কে জনসমাবেশ নিষিদ্ধ এবং সেখানে যাওয়া হবে আইন অমান্য। তা সত্ত্বেও অভিজিৎ দিপকে হাতে জাতীয় পতাকা নিয়ে পার্কের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে বলপূর্বক আটক করে। সূত্র: এনডিটিভি