ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৬০-এর দশকেই যুক্তরাজ্যে শ্বেতাঙ্গরা সংখ্যালঘু হতে পারেন: গবেষক বেঁচে থাকতে চাইলে আর রাস্তায় বের হবেন না: রবিউল ইসলাম নয়ন বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা দম্পতি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মিত হবে ২৫৬টি দীর্ঘ সেতু ধৈর্যের একটা শেষ আছে, ষড়যন্ত্র করলে প্রতিহত করা হবে: রিজভী উচ্ছেদের পর আবারও হকার বসলে অভিযান ও মামলা: তারেক রহমান পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: মীর হেলাল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মকে বিশ্বমানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ প্রজন্মের হাতেই—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান সরকারপ্রধান।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, জ্বালানি খাত এবং শিক্ষার্থীদের আত্মোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে। তিনি আরও জানান, দেশের বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন গ্যাসকূপ খননের কাজ জোরেশোরে চলছে। পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং নিজস্ব কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে।


শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ও টেকসই ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।


পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ভালোভাবে পড়ালেখা করলেই চলবে না, শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। একই সঙ্গে চিত্রকলা, সংগীত ও সুস্থ সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। সরকারের উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশ নেবে।


আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন। তিনি বলেন, একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।


এ সম্পর্কিত আরো খবর