দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২১ নভেম্বর) জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে। গভীর সমুদ্রে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে বান্দা সাগরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূপৃষ্ঠ থেকে ১১৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জিএফজেড।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কেন্দ্রস্থল সাগরে এবং ভূপৃষ্ঠের বেশ গভীরে হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য মেলেনি।
তবে রাজধানী দিলিসহ আশপাশের উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় এই অঞ্চলে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
সূত্র: রয়টার্স, এএফপি