ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, চার ফিলিস্তিনি নিহত


  • আপলোড সময় : রবিবার ২২ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৪ এএম

যুদ্ধবিরতির কাগজে-কলমে ঘোষণা থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরতা থামছেই না। এবার বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে একটি ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার (২১ নভেম্বর) গাজাজুড়ে চালানো পৃথক ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর মধ্যে কেবল ত্রাণবাহী ওই গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য জানানো হয়েছে।


আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষদের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানীয় বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি যখন অসহায় মানুষদের তাঁবুর কাছাকাছি পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ইসরাইলি ড্রোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নিখুঁত নিশানায় চালানো ওই হামলায় গাড়িটি বিধ্বস্ত হয় এবং ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।


হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া বলেন, গাড়িটি মূলত তাঁবুতে বসবাস করা নিঃস্ব ও বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য খাবার ও পানীয় নিয়ে এসেছিল। তিনি আক্ষেপ করে বলেন, গাড়িটি ক্ষুধার্ত শিশুদের হাতে খাবার তুলে দেওয়ার জন্য কেবল থামতে যাচ্ছিল, ঠিক তার আগমুহূর্তেই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বর্তমানে গাজায় যারা অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন, তারাও ইসরাইলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।


অন্যদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলায় বিধ্বস্ত গাড়িটির ভেতরে থাকা বিভিন্ন কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো দেখা গেছে। তবে ঘটনার পরপরই সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, হামলার শিকার ওই গাড়িটি তাদের চলমান কোনো কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।


একই দিন উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের সরাসরি গুলিবর্ষণে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তার মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এ ছাড়া গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করেছেন।


গাজা সিটি থেকে পরিস্থিতি তুলে ধরে ইব্রাহিম আল-খলিলি আরও জানান, উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা বলা হলেও সাধারণ ফিলিস্তিনিদের জীবনে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ইসরাইলি বিমান হামলা, ড্রোন আক্রমণ এবং নির্বিচার গুলিবর্ষণ এখনো গাজাবাসীর নিত্যদিনের নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।


উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গাজায় বহুল আলোচিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু সেই চুক্তি উপেক্ষা করে উপত্যকাটিতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। পরিসংখ্যান বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একদিকে ইসরাইলি হামলা, অন্যদিকে শীতের তীব্র বৃষ্টি ও আকস্মিক বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবুগুলো তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের চরম সংকটের মধ্যে নতুন করে এই প্রাকৃতিক দুর্যোগ গাজার হাজারো মানুষের জীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।


সূত্র: আল জাজিরা ও রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর