ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনো ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে সেরং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ নামের ওই কারখানায় শনিবার (২১ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মিষ্টান্ন ও চিনিজাত পণ্য প্রস্তুতকারী কারখানাটির বিভিন্ন অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৯ জনের সন্ধানে তল্লাশি চলছে এবং আহত চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) সকালে কারখানার কিছু অংশে তখনো আগুন জ্বলতে থাকায় নিখোঁজদের খুঁজে বের করার উদ্ধারকাজ বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
রিজকি দ্বিয়ান্তো আরও জানান, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সব সদস্য মাঠে কর্মরত কর্মীদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিখোঁজ ভুক্তভোগীদের খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে যে, পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: আরব নিউজ