মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের উত্তাপ এবার সরাসরি আছড়ে পড়ল উপসাগরীয় দেশ বাহরাইনে। শনিবার গভীর রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে স্থাপনাটির ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে এই সমন্বিত অভিযান চালানো হয়েছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরানের দিক থেকে আসা বেশ কয়েকটি আকাশপথের হামলা সফলভাবে প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘ইরানের আগ্রাসন’ বলে অভিহিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় প্রাথমিকভাবে বস্তুগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে নিরাপত্তার স্বার্থে হামলার শিকার ওই শিল্প স্থাপনাটির নাম কিংবা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি বাহরাইন কর্তৃপক্ষ। এর আগে হামলার আশঙ্কায় পুরো বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। সে সময় হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জরুরি আহ্বান জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে, এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিবৃতিতে তারা জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে এক বিশেষ অভিযান চালানো হয়েছে। এসব ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস করারও দাবি করেছে আইআরজিসি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতেই এই পাল্টা আঘাত হানা হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি অত্যাধুনিক গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পরপরই আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বাহরাইনের ওই ঘাঁটিগুলোতে হামলা চালায়।
এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের আকাশসীমা লঙ্ঘনের ধারাবাহিকতার জবাব দেওয়ার পাশাপাশি ইরানের হাঙ্গাম দ্বীপে অবস্থিত একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় বাহিনীটি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক ভিন্ন তথ্য সামনে এনেছে। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে সিত্রা দ্বীপে আছড়ে পড়ে এবং সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। ওই সংবাদমাধ্যমের দাবি, মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বারবার দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশটিতে বারবার হামলার ঘটনা ঘটছে। মাঝে কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে অন্তত তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোও তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সূত্র: আল জাজিরা