ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

দিল্লি থেকে রাষ্ট্রীয় বিমানে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ১০:২০ এএম

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মহান বিজয়ের দিনেই দেশে ফেরার সিদ্ধান্তের কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনীতি ও আইন অঙ্গনে নতুন করে আলোচনা এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে।


রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে, তার এই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে। উল্লেখ্য, দেশে বর্তমানে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ছাড়া চলতি মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।


বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পুনরায় চাওয়ার পাশাপাশি শেখ হাসিনা বর্তমান সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ করেছেন।


এ বিষয়ে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি জানান, এখন শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন দিল্লি থেকে ঢাকায় তার বিমানযাত্রার ব্যবস্থা করা হয়।


বিবৃতিতে সৈয়দ মোজাম্মেল আলী আরও দাবি করেন, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা সম্ভব করা বর্তমান সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।


তবে শেখ হাসিনার এই আহ্বান ও দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এর আগে রোববার একজন বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো ধরনের সরকারি আলোচনা হয়নি বলেও ওই মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ২০২৪ সালের সেই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে নির্বাসনে থাকা অবস্থায় শুরু থেকেই শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এখন ১৬ ডিসেম্বর ঘিরে তার দেশে ফেরার এই ঘোষণা এবং সরকারের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সবার।


সূত্র: রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর