ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবরের প্রেক্ষাপটে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অনড় অবস্থানের কথা তুলে ধরেন।
প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, মনের জ্বালায় অর্থ খরচ করে বা কাউকে ভাড়া করে অনেক লেখাই লেখানো যায়। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কারও আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে যে সে হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছে কিংবা প্লেনে করে চলে যাচ্ছে।
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। ফলে সাধারণ যাত্রীর মতো তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।